জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীন বিশ্বে দৃষ্টান্ত: সাইমন স্টিয়েল

সবুজ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাঠামো চুক্তি (ইউএনএফসিসিসি) সচিবালয়ের নির্বাহী সচিব সাইমন স্টিয়েল।

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া একান্ত সাক্ষাৎকারে চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

সাইমন স্টিয়েল বলেন, চীন সফরে এসে তিনি দেশটির প্রাণশক্তি অনুভব করেছেন। বেইজিংয়ে যাওয়ার আগে হংকংয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, চীনে টেকসই উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়নের পথ ও অর্জন পর্যালোচনা করলে বোঝা যায়, সঠিক উন্নয়নের পথে এগিয়ে যেতে চীন দৃঢ়প্রতিজ্ঞ।

২০২৬ সালের মে মাসে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া নিজের বক্তব্যের কথা স্মরণ করে সাইমন বলেন, চীন জলবায়ু বিষয়ে বহুপাক্ষিকতার অন্যতম অগ্রনায়ক। বর্তমান সময়ে এ ক্ষেত্রে চীনের নেতৃত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী জ্বালানি রূপান্তরের প্রক্রিয়া এখন অপরিবর্তনীয় এবং এই পরিবর্তনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চীনের কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ক্ষেত্রে দেশটি ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বের অন্যান্য দেশ চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে।

সাইমন স্টিয়েল আরও বলেন, গত এক দশকে চীনের উন্নয়ন পর্যবেক্ষণ করলে সবুজ ও নিম্নকার্বন অর্থনীতিতে দেশটির রূপান্তরের গতি ও প্রচেষ্টা বিস্ময়কর বলে মনে হয়। এই রূপান্তর শুধু কর্মসংস্থানের সুযোগ বাড়ায়নি, বরং নতুন অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি করেছে। একই সঙ্গে দেশটির উদ্ভাবনকে উৎসাহিত করার ফলে এর সুফল বিশ্বের অন্যান্য দেশও পাচ্ছে।

জলবায়ু পরিবর্তনকে মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সাইমন বলেন, এ সংকট মোকাবিলায় সব দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দায়িত্বশীল উন্নয়নশীল বৃহৎ দেশ হিসেবে চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুপাক্ষিকতা, সহযোগিতা এবং পারস্পরিক লাভের নীতিতে অটল রয়েছে।

তিনি জানান, চীন ইতোমধ্যে ৪০টিরও বেশি উন্নয়নশীল দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন বিষয়ে ৫০টির বেশি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা-সংক্রান্ত দলিল স্বাক্ষর করেছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশগুলোকে বাস্তব সহায়তাও দেওয়া হচ্ছে।

চীনের সবুজ রূপান্তর কার্যক্রমে সরকারের নেতৃত্ব ও বাস্তব পদক্ষেপেরও প্রশংসা করেন ইউএনএফসিসিসির নির্বাহী সচিব। তিনি বলেন, সবুজ উন্নয়নের ক্ষেত্রে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেছে। একই সঙ্গে দেশটি বৈশ্বিক সবুজ বাজারের বিকাশ ও প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে।