জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, ৩৭ জন আহত

জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ আগস্ট) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে টোকিওসহ আশপাশের এলাকায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। তবে ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে। ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, টোকিওতে ১৫ জন, সাইতামায় ৯ জন, কানাগাওয়ায় ৮ জন, চিবায় ৪ জন এবং ইবারাকিতে একজন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই ভূমিকম্পের আকস্মিক ঝাঁকুনিতে ঘুম থেকে উঠে পড়ে গিয়ে অথবা আসবাব ও দরজার সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন।

কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোহামায় ৮০ বছরের এক নারী বিছানা থেকে পড়ে গুরুতরভাবে নিতম্বে আঘাত পেয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ভূমিকম্পের সময় টোকিওসহ বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পৌঁছে যায়। রাজধানীতে শক্তিশালী কম্পন অনুভূত হলেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। টোকিওর কোটো এলাকায় ভূগর্ভস্থ পানির একটি পাইপ ফেটে রাস্তায় পানি উঠে গেলেও পরে সেটি মেরামত করা হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে টোকিও, নারিতা বিমানবন্দর ও আশপাশের কয়েকটি অঞ্চলে এক্সপ্রেস ট্রেন চলাচলে সাময়িক বিলম্ব ঘটে। তবে শিনকানসেন বুলেট ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে জাপান সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। জেএমএ স্থানীয় বাসিন্দাদের আগামী এক সপ্তাহ সম্ভাব্য মাঝারি মাত্রার পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক ডজন স্থাপনায় কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি