ভারতে এবার মাঠে জেনারেশন আলফার শিক্ষার্থীরা

ভারতের উত্তর প্রদেশে নতুন স্কুল ভবন নির্মাণের দাবিতে এবার বিক্ষোভে নেমেছে জেনারেশন আলফার শিক্ষার্থীরা। যমুনা নদীর তীরবর্তী ভাটপুরওয়া সামুহি গ্রামের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আটকে থাকা নতুন স্কুল ভবন নির্মাণের দাবিতে বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না গিয়ে স্কুলের বাইরে বসে প্রতিবাদ জানায়। তাদের স্পষ্ট দাবি, সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, নতুন স্কুল ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি আগেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এমনকি অনলাইন মাধ্যমেও একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এতদিনেও এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়াঙ্কা তিওয়ারি শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করেন। তবে তাতে সাড়া না দিয়ে নিজেদের দাবিতে অনড় থাকে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর হাতে ভারতের জাতীয় পতাকাও দেখা যায়।

এ ঘটনাকে স্কুলের প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার দাবিতে শিশু শিক্ষার্থীদের সরাসরি প্রতিবাদের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে উত্তর প্রদেশের হামিরপুরে স্কুলে যাতায়াতের উপযোগী সড়ক নির্মাণের দাবিতে প্রায় ৩০০ শিক্ষার্থী প্রায় ৬ কিলোমিটার পথ হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। অন্যদিকে লখনৌতে প্রায় ২৫০ ছাত্রী শিক্ষক সংকটসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করে।

এ ছাড়া উন্নাও জেলায় দুই শতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে মোহন-বঙ্গারমাউ সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেনারেশন জেডের পর উত্তর প্রদেশে জেনারেশন আলফার শিক্ষার্থীদের মধ্যেও নিজেদের অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দাবিতে সরাসরি প্রতিবাদের প্রবণতা দেখা যাচ্ছে। স্কুলের অবকাঠামো, শিক্ষক ও যোগাযোগব্যবস্থার মতো মৌলিক বিষয় নিয়ে শিশুদের এমন সরব অবস্থান স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যাকেও সামনে আনছে।

সূত্র: এনডিটিভি