সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ভারতজুড়ে নতুন করে শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিতের সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনো বাস্তবায়ন হয়নি। এ পরিস্থিতিতে নতুন করে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ আন্দোলন স্থগিতের সময় নরেন্দ্র মোদি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর বেশিরভাগই এখনো পূরণ হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনো দেওয়া হয়নি।
এ অবস্থায় সরকারের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা পর্যালোচনা করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিজেপি। একই বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশজুড়ে ফের শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।
এরই অংশ হিসেবে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। পরে ‘কেন্দ্রীয় সরকারের আচরণে গভীর উদ্বেগ’ প্রকাশ করে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয় দলটি।
সিজেপির নেতারা বলছেন, নতুন করে উত্তেজনা তৈরির তাৎক্ষণিক কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। তাদের দাবি, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির জন্য আদালত বারবার সরকারের সহযোগিতা চেয়েছে।
সিজেপি জানিয়েছে, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। যাতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আদালত একবারেই সব মামলা বাতিল করতে পারে।
তবে আদালতের বারবার অনুরোধের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটির দাবি, তাদের প্রাথমিক আন্দোলনের ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি এখনো পূরণ হয়নি।
আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেছে সিজেপি।
দলটি বলেছে, আগের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। তবে এই সদিচ্ছাকে দুর্বলতা হিসেবে না দেখার জন্য সরকারকে সতর্ক করেছে তারা।