পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ভারতীয় ড্রোনের আঘাত

পাকিস্তানের সামরিক ও পারমাণবিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল কিরানা হিলস এলাকায় গত বছর ‘অপারেশন সিঁদুর’ চলাকালে আঘাত হেনেছিল একটি ভারতীয় ড্রোন। তবে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি ভারতীয় বাহিনীর মূল লক্ষ্যবস্তু ছিল না বলে স্পষ্ট করেছেন ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।

নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। অনিল চৌহান জানান, ‘অপারেশন সিঁদুর’ শুরুর পূর্বে ভারত সারগোধা ও এর ১০ কিলোমিটার উত্তরের কিরানা হিলস এলাকায় বেশ কিছু ‘লোইটারিং মিউনিশন’ বা আত্মঘাতী ড্রোন পাঠিয়েছিল। এগুলোর মূল কাজ ছিল পাকিস্তানি বাহিনীর রাডার স্টেশন খুঁজে বের করে তা অকেজো করা।

তিনি জানান, এসব ড্রোনের আকাশে প্রায় দুই ঘণ্টা ভেসে থেকে টার্গেট খুঁজে নেওয়ার সক্ষমতা থাকে। নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য না পেলে ড্রোন অন্য কোনো স্থানে আছড়ে পড়ে। কিরানা হিলসের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল- জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ড্রোনটি সেখানকার একটি স্থাপনায় গিয়ে পড়ে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তান কোনো পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি।

এর আগে ভারতীয় বিমানবাহিনীর তৎকালীন শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এ কে ভারতীও একই তথ্য নিশ্চিত করেছিলেন।

ভাষণে সামরিক অভিযানের আরও কিছু গোপন তথ্য প্রকাশ করেন অনিল চৌহান। তিনি জানান, সারগোধার পাশাপাশি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ‘স্কারদু’ এলাকাতেও আঘাত হানার সবুজ সংকেত দেওয়া হয়েছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে স্কারদু অভিযান স্থগিত করে বিকল্প হিসেবে ‘ভোলারি’ অঞ্চলকে নিশানায় আনা হয়।