১২ ঘণ্টার প্যারোলে বিয়ে সারলেন গ্যাংস্টার ধিল্লা

বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতীয় গ্যাংস্টার মাইনপাল ধিল্লা। হরিয়ানার একটি ফার্মহাউসে প্রায় ৫০০ অতিথির উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই নির্ধারিত সময়ের মধ্যে আবার কারাগারে ফিরতে হয়েছে তাকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিয়ের আয়োজন ছিল অনেকটা সাধারণ ফার্মহাউসের বিয়ের মতোই। দুপুরে প্রায় ৫০০ অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বিয়ের প্রচলিত আনুষ্ঠানিকতা।

তবে বিয়ের বর হিসেবে ধিল্লার উপস্থিতিই পুরো আয়োজনকে অন্যরকম করে তোলে। কারণ, বিয়েতে অংশ নিতে তিনি মাত্র ১২ ঘণ্টার জন্য কারাগারের বাইরে ছিলেন।

প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বৃহস্পতিবার রাত ৮টায় তাকে আবার কারাগারে ফিরতে হয়। অর্থাৎ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ফিরতে হয়েছে বন্দিজীবনে।

ঝাঝর জেলার বাদলি গ্রামের বাসিন্দা মাইনপাল ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। বিয়েতে অংশ নেওয়ার জন্য তাকে ১২ ঘণ্টার প্যারোল দেওয়া হয়েছিল।

সেই সময়ের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন ধিল্লা। এরপর প্যারোলের শর্ত মেনে নির্ধারিত সময়ে কারাগারে ফিরে যান তিনি।