আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ২২ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) চালানো এসব হামলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর দুটি শিবির ও আস্তানা লক্ষ্যবস্তু করা হয়। তবে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল পাকিস্তান তালেবান বা টিটিপি এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএর আস্তানা।
ইসলামাবাদের দাবি, হামলার লক্ষ্যবস্তুগুলো নির্ভুলভাবে ধ্বংস করা হয়েছে এবং প্রাথমিক হিসাবে ২২ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এসব আস্তানায় মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়।
তবে আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বুধবার গভীর রাতে উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এসব হামলা চালানো হয়। তাঁর দাবি, হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে এবং নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুজাহিদ হামলাকে আগ্রাসন ও অপরাধ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান। তালেবান সরকারের অভিযোগ, পাকিস্তানের বিমান হামলায় বারবার আফগানিস্তানের বেসামরিক মানুষ ও তাদের বসতবাড়ি লক্ষ্যবস্তু হচ্ছে।
অন্যদিকে, পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ডে টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানের ভূখণ্ডে আন্তসীমান্ত হামলা চালানো হচ্ছে। ইসলামাবাদের দাবি, সর্বশেষ হামলাও এসব গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করেই চালানো হয়েছে।
আফগান সরকার অবশ্য পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে। কাবুলের দাবি, পাকিস্তানের হামলায় বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন। দুই দেশের পাল্টাপাল্টি দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।
তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও সংঘাত বেড়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বেলুচিস্তান লিবারেশন আর্মির এবং খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান তালেবানের হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে।
জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন জানিয়েছে, চলতি বছর আন্তসীমান্ত সহিংসতায় আফগানিস্তানে এ পর্যন্ত ১ হাজার ১০০ জনের বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। সাম্প্রতিক বিমান হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা