দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের কথিত অনিয়মের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশি ধরপাকড়ের শিকার হয়েছেন আন্দোলনকারীরা। দিল্লি পুলিশ এবার নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে। 

শনিবার (১০ অক্টোবর) সিজেপির ডাকা এই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা রাজধানী দিল্লিতে জড়ো হয়েছিলেন।

এদিন দিল্লির আইএনএ এলাকার কাছে ‘দিল্লি হাট’ অভিমুখে একটি পদযাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন বিক্ষোভকারীরা। আইসা (AISA) নেত্রী ও তরুণদের মুখপাত্র নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে এই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে পুলিশি বাধার মুখে পড়ার আশঙ্কায় নেহা বোরা আগেই কর্মসূচিটি ‘দিল্লি হাট’-এ সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে বলেছিলেন, 'দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।'

কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ নির্বিচারে বিক্ষোভকারীদের আটক করা শুরু করে। নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকে ঘটনাস্থল থেকেই আটক করে দিল্লি পুলিশ।

প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু নেহা বোরা বা যোগেন্দ্র যাদবই নন, বিক্ষোভ শুরুর আগেই পুলিশ বেশ কয়েকজন পরিচিত মুখকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন, ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। সিজেপি পুলিশের এই দমনপীড়নমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। রাজধানীজুড়ে এই ধরপাকড়ের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।