বিয়ের টাকা জোগাড় করতে চেইন ছিনতাই, গ্রেপ্তার প্রেমিক যুগল

ভারতের হায়দরাবাদে বিয়ের খরচ জোগাড় করতে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে এক প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি না পেয়ে আর্থিক সংকটে পড়ার পর তাঁরা এ অপরাধে জড়ান বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন অন্ধ্র প্রদেশের ২৩ বছর বয়সী অন্নাপু রেড্ডি দুর্গা রমনা রেড্ডি এবং ২৪ বছর বয়সী টেঙ্কা বরলক্ষ্মী। তাঁদের বিরুদ্ধে হায়দরাবাদের হাস্তিনাপুরম এলাকায় ৬৫ বছর বয়সী এক মন্দিরকর্মীর গলা থেকে প্রায় ৩০ গ্রাম ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর সকাল ৬টা ৪ মিনিটের দিকে ভেঙ্কট রমনা কলোনির রাজা রাজেশ্বরী মন্দিরে এ ঘটনা ঘটে। ওই সময় মন্দির পরিষ্কার করছিলেন ভুক্তভোগী আন্দুগুলা রামুলাম্মা। মন্দিরে অন্য ভক্তদের উপস্থিতি না থাকার সুযোগে অভিযুক্তরা তাঁর কাছে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাহায্য করার কথা বলে বৃদ্ধার মুখ চেপে ধরেন বরলক্ষ্মী। এ সময় রমনা রেড্ডি জোর করে তাঁর গলায় থাকা স্বর্ণের মঙ্গলসূত্রসদৃশ অলংকারটি ছিনিয়ে নেন। পরে দুজন একটি অ্যাকটিভা স্কুটারে করে পালিয়ে যান।

ঘটনার তদন্তে পুলিশ মন্দির ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। বিভিন্ন স্থানে অভিযুক্তদের চলাচলের তথ্য অনুসরণ করে ঘটনার তিন দিন পর বুধবার (২১ অক্টোবর) সকালে ভানস্থলিপুরমের কমলা নগর এলাকার একটি গয়নার দোকানের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের অলংকার এবং তাঁদের ব্যবহৃত দুটি মুঠোফোন উদ্ধার করেছে।

তদন্তকারীরা জানান, রমনা রেড্ডি ও বরলক্ষ্মীর মধ্যে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা প্রায় এক মাস আগে কাজের সন্ধানে হায়দরাবাদে আসেন। পরে শহরের গুররামগুড়া এলাকায় একসঙ্গে বসবাস করছিলেন। তবে চাকরি না পাওয়ায় তাঁরা আর্থিক সংকটে পড়েন। বিয়ের জন্য টাকা জোগাড় করতে গিয়ে ছিনতাইয়ের পথ বেছে নেন বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানিয়েছে, এর আগে তাঁদের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা ছিল না। গ্রেপ্তারের পর দুজনকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।