ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবির পাশে তন্ত্রমন্ত্র ও কালোজাদুর কাজে ব্যবহৃত হতে পারে, এমন কিছু সামগ্রী পাওয়ার ঘটনায় উত্তর প্রদেশের মৌ জেলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ছবিটি ও এর পাশে রাখা সামগ্রীর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়েছে, সরযূ নদীর তীরে মুক্তিধাম এলাকার শ্মশানের কাছে মোদির ছবিটির পাশে সূচ ফোটানো লেবু ও লাল সুতো বাঁধা নারকেলের মতো সামগ্রী পাওয়া যায়। এগুলো তন্ত্রমন্ত্রের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
এ ঘটনায় ভারতের ন্যায় সংহিতার ৩৫৩(২) ধারায় মামলা করা হয়েছে। এ ধারায় বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, শত্রুতা কিংবা অসদ্ভাব সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বক্তব্য, গুজব বা উদ্বেগজনক প্রতিবেদন তৈরি, প্রকাশ কিংবা প্রচারের বিষয়টি অন্তর্ভুক্ত। পুলিশ জানিয়েছে, ছবিটি সেখানে কে রেখেছেন এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো স্পষ্ট নয়।
ঘোসি এলাকার সার্কেল কর্মকর্তা সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশও জানিয়েছে, ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে। সূত্র: ইটিভি ভারত