ঢাকার বস্তির ভিডিও নয়াদিল্লির বিভিন্ন স্থান হিসেবে উপস্থাপন

চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জয়সওয়ালের আহ্বান

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচার করার অভিযোগে চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আহ্বান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চীনা নাগরিকেরা ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় ভিডিও ধারণ করছেন। পরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় এসব এলাকাকে নয়াদিল্লির বিভিন্ন স্থান হিসেবে উপস্থাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’

তিনি আরও বলেন, ‘ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করার যে প্রচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি এর পেছনে যারা রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চীনা ভিডিও নির্মাতা ও সরাসরি সম্প্রচারকারীরা ঢাকার দরিদ্র এলাকাগুলোতে গিয়ে ভিডিও ধারণ করছেন। এসব ভিডিওতে স্থানগুলোকে ভারতের রাজধানীর অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।