ভারতের অনুমতি না পেয়ে তাজমহল যেতে পারলেন না পাকিস্তানের মন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভায় যোগ দিতে গিয়ে তাজমহল ও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে এসসিওর নির্ধারিত কর্মসূচির বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার। ফলে তাজমহল ও নিজামুদ্দিন দরগাহ—কোনোটিই দেখা হচ্ছে না তাঁর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুসাদ্দিক মালিক আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। তবে নয়াদিল্লি তাঁকে জানিয়ে দিয়েছে, ভারত সফরে তিনি শুধু এসসিওর অনুষ্ঠানগুলোতেই অংশ নিতে পারবেন। নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে তাজমহল সফরের সম্ভাবনা থাকলেও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি মেলেনি।

রাজধানীর ঐতিহাসিক পুরানা কিল্লায় ২০ থেকে ২২ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। এই আয়োজনে অংশ নিতেই দিল্লি সফর করছেন মুসাদ্দিক মালিক।

২০২৩ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন। একই সঙ্গে ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর এটিই পাকিস্তানের কোনো নেতার প্রথম ভারত সফর।

গত ২৮ অক্টোবর ভারত সরকার জানায়, প্রচলিত রীতি অনুযায়ী পাকিস্তানসহ এসসিওর সব সদস্যদেশকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিওর কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ।

তবে পাকিস্তানের মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ভারতের বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। পেহেলগাম হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে কী পরিবর্তন এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এ সময় পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়ে মুসাদ্দিক মালিকের আগ্রাসী বক্তব্যের প্রসঙ্গও সামনে এনেছে বিরোধীরা।

২০০১ সালে সাংহাইয়ে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির পূর্ণ সদস্য হয়। ২০২৩ সালে ইরানও সদস্যপদ লাভ করে।

২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিওর সরকারপ্রধান পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া পরবর্তী এসসিও রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকের প্রস্তুতিমূলক সভায় যোগ দিতে গত মাসে ভারতের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক দিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়।

সূত্র: এনডিটিভি