যুদ্ধের চাপেও অটুট ইরান-রাশিয়া সম্পর্ক: রোসাটম প্রধান

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যেও তেহরান-মস্কো সম্পর্ক এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দৃঢ়তা অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাশিয়ার সংবাদমাধ্যম ভেস্তিকে দেওয়া সাক্ষাৎকারে লিখাচেভ বলেন, চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসী যুদ্ধের মধ্য দিয়ে বুশেহর প্রকল্পের সক্ষমতা ও স্থিতিশীলতার পরীক্ষা হয়েছে। প্রকল্পটি সেই পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে।

তিনি জানান, ইরানি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে অধিকাংশ রুশ বিশেষজ্ঞকে সরিয়ে নেওয়া হয়েছিল।

লিখাচেভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর যোগাযোগের মাধ্যমে পারমাণবিক স্থাপনা এবং সেখানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

রোসাটম প্রধান আরও বলেন, বুশেহর প্রকল্পটি তাদের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অন্যতম থাকবে এ বিষয়ে কখনোই তাদের মধ্যে সংশয় তৈরি হয়নি। সাম্প্রতিক ঘটনাবলি তেহরান ও মস্কোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত ১৩ নভেম্বর লিখাচেভ জানিয়েছিলেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রোসাটমের কর্মীর সংখ্যা বাড়িয়ে ৩০০ করার পরিকল্পনা রয়েছে।

তখন তিনি বলেছিলেন, বর্তমানে সেখানে ১৮০ জন কর্মী রয়েছেন। অদূর ভবিষ্যতে এ সংখ্যা ৩০০-তে উন্নীত করার পরিকল্পনা করছে রোসাটম। প্রকল্পের কাজের গতি কমে যাওয়ার মতো কোনো ঝুঁকি আপাতত তারা দেখছে না বলেও জানান তিনি।