চীনের মহাকাশ অভিযানে অংশ নিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের বিমানবাহিনীর কর্মকর্তা ও নভোচারী মুহাম্মদ জিশান আলী। চীনের শেনঝৌ-২৪ (Shenzhou-24) মহাকাশযানের তিন সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী এবং মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে শেনঝৌ-২৪ অভিযানের নভোচারীদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)। সংস্থাটি জানিয়েছে, আগামী বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। অভিযানের নেতৃত্ব দেবেন তাং হংবো। উ ই দায়িত্ব পালন করবেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। অন্যদিকে, জিশান আলী কাজ করবেন পেলোড স্পেশালিস্ট হিসেবে। অর্থাৎ মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনায় বিশেষ দায়িত্ব পালন করবেন তিনি।
পাকিস্তানের বিমানবাহিনীর উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী একজন অভিজ্ঞ পাইলট। ৪০ বছর বয়সী এই কর্মকর্তা চীনের মহাকাশ অভিযানে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (SUPARCO) এবং চায়না ম্যানড স্পেস এজেন্সির মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির আওতায় এই সুযোগ তৈরি হয়।
চুক্তি অনুযায়ী, পাকিস্তানের দুইজন প্রার্থীকে চীনে নভোচারী প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। তাদের মধ্যে একজন হিসেবে নির্বাচিত হন জিশান আলী। অন্য প্রার্থী খুররম দাউদ বিকল্প নভোচারী হিসেবে প্রস্তুতি নিয়েছেন।
চীনে দীর্ঘ প্রশিক্ষণ শেষে শেনঝৌ-২৪ অভিযানের মূল দলে জায়গা করে নেন জিশান। তাঁর এই অংশগ্রহণ পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
অভিযানে জিশান আলীর প্রধান দায়িত্ব থাকবে বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেওয়া। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে বায়োটেকনোলজি, মহাকাশে উপকরণের আচরণ এবং সালোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে গবেষণা পরিচালিত হবে।
তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানকালে তিনি চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নেবেন। পুরো অভিযানে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণার পরিকল্পনা রয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে।
কত দিন মহাকাশে থাকবেন?
পরিকল্পনা অনুযায়ী, জিশান আলী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন। এরপর তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।
এটি চীনের মহাকাশ অভিযানে একটি ব্যতিক্রমী ব্যবস্থা। কারণ শেনঝৌ-২৪-এর মাধ্যমে নতুন নভোচারীরা স্টেশনে পৌঁছালেও জিশান আলী স্বল্পমেয়াদি সফর শেষে আগের অভিযানের নভোচারীদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন।
চীনের মহাকাশ কর্মসূচিতে পাকিস্তানের এই অংশগ্রহণ দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত ও প্রযুক্তিগত সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মহাকাশ গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পাকিস্তানের অভিজ্ঞতা অর্জনের নতুন সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, চীনও তাদের তিয়াংগং মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিচ্ছে। ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়েও কাজ করছে দেশটি।
জিশান আলীর এই অভিযান শুধু পাকিস্তানের জন্য নয়, চীনের আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স।