রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে সুইজারল্যান্ডের সঙ্গে কূটনৈতিক বিরোধের জেরে দেশটির কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে দায়িত্ব পালন করা সুইস কূটনীতিক সিলভাঁ আস্তিয়েকে (Sylvain Astier) ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়ায় সুইজারল্যান্ডের নতুন খোলা কূটনৈতিক কার্যালয় বন্ধেরও দাবি জানিয়েছে দেশটি।
বুধবার (২৫ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে রয়টার্স জানায়, সুইজারল্যান্ডের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সং দেশটির একটি শিশু শিবিরকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস কূটনীতিককে 'পারসোনা নন গ্রাটা' বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে।
বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ওনসানের সংদোওন আন্তর্জাতিক শিশু শিবির। সুইজারল্যান্ডের অভিযোগ, রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে শিশুদের উত্তর কোরিয়ায় স্থানান্তরের কর্মসূচিতে এই শিবিরের ভূমিকা রয়েছে। সেখানে শিশুদের রাশিয়াপন্থী প্রচারণা ও মতাদর্শে প্রভাবিত করার কার্যক্রমও পরিচালিত হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি।
এ অভিযোগের ভিত্তিতে চলতি মাসে শিবিরটিকে রাশিয়াসংক্রান্ত নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে সুইজারল্যান্ড। এর আগে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও একই শিবিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সুইজারল্যান্ডের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাঁর দাবি, শিশুদের সাংস্কৃতিক ও বিনোদনমূলক সুযোগ দেওয়ার বিষয়টিকে নিষেধাজ্ঞার আওতায় এনে উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হয়েছে। তবে ইউক্রেনীয় শিশুদের স্থানান্তর ও তাদের ওপর প্রচারণা চালানোর অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো জবাব দেননি।
উল্লেখযোগ্য বিষয় হলো, উত্তর কোরিয়ার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন দেশটিতে সুইজারল্যান্ডের কূটনৈতিক উপস্থিতি নতুন করে শুরু হয়েছিল। গত অক্টোবর মাসে সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস পিয়ংইয়ং সফর করে কূটনৈতিক কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করেন।
করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালের মার্চে উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দিলে সুইজারল্যান্ডের আগের কার্যালয়টির কার্যক্রমও বন্ধ হয়ে যায়। নতুন কার্যালয় চালুর উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ও কূটনৈতিক সংলাপের সুযোগ বাড়ানো।
তবে সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উত্তর কোরিয়ায় কূটনৈতিক কার্যালয় পুনরায় চালু করা এবং নিষেধাজ্ঞা নীতি দুটি পৃথক বিষয়। মতপার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের সঙ্গে সংলাপের পথ খোলা রাখাই তাদের লক্ষ্য।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পর্কও এ বিরোধের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউক্রেন যুদ্ধে মস্কোকে সামরিক সহায়তা দিয়ে আসছে পিয়ংইয়ং। অন্যদিকে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে শিশুদের স্থানান্তরের অভিযোগ দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কের বিতর্ককে আরও জটিল করেছে।
রয়টার্সের সঙ্গে কথা বলা দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুলের মতে, নিষেধাজ্ঞা বহাল রেখে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়—এমন বার্তাই দিতে চাইছে উত্তর কোরিয়া।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে সুইজারল্যান্ড ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। পশ্চিমা দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অল্প কয়েকটি দেশের একটি, যারা পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে।
সাম্প্রতিক এই বহিষ্কারাদেশ দুই দেশের সম্পর্ককে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশেষ করে কূটনৈতিক কার্যালয় বন্ধের দাবি কার্যকর হলে উত্তর কোরিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ আরও সংকুচিত হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স