সৌদির নিরাপত্তায় একজোট তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক ও পাকিস্তান। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এ সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশগুলো। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের বিষয়েও একমত হয়েছে তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তাদের বৈঠকে এসব সিদ্ধান্ত আসে। বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠক শেষে জানান, সৌদি আরবের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে তিন দেশ। সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় নিজেদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তারা।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় তিন দেশের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। এতে বলা হয়েছে, কোনো একটি সদস্যদেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে বাকি সদস্যদের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। সে অনুযায়ী আক্রান্ত দেশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটিকে তিন দেশই প্রতিরক্ষামূলক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে সামরিক জোট নয়।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ২৭ নভেম্বর চুক্তিটির অনুমোদন দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির সংসদীয় অনুমোদনের পর আনুষ্ঠানিক অনুসমর্থন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। 

বৈঠকে শুধু সৌদি আরবের নিরাপত্তা নয়, তিন দেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন, যৌথ প্রযুক্তি উদ্ভাবন, সামরিক প্রশিক্ষণ এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। সৌদি আরবে জোটের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তারা।

তবে হুথিদের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান বা সেনা মোতায়েনের সিদ্ধান্ত বৈঠকে ঘোষণা করা হয়নি। তুরস্কের কর্মকর্তারা আগেই জানিয়েছেন, সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও ইয়েমেনে সেনা পাঠিয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যদিকে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান এবং ইয়েমেনের উপকূলসংলগ্ন বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে তিন দেশ। 

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস