দুর্নীতির দায়ে চীনের সাবেক আঞ্চলিক প্রধানের মৃত্যুদণ্ড

দেড় দশকের বেশি সময় ধরে সরকারি পদ ব্যবহার করে বিপুল অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়ার দায়ে চীনের গুয়াংসি অঞ্চলের সাবেক প্রধান লান তিয়ানলিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তবে তাৎক্ষণিকভাবে দণ্ড কার্যকর না করে দুই বছরের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নতুন কোনো অপরাধ না করলে তাঁর সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) চীনের হুনান প্রদেশের চাংদে ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে ৫৮৭ মিলিয়ন ইউয়ানের বেশি অর্থ ও মূল্যবান সম্পদ ঘুষ হিসেবে নিয়েছিলেন লান। বর্তমান বিনিময়মূল্যে এর পরিমাণ প্রায় ৮৮ কোটি মার্কিন ডলার নয়, বরং প্রায় ৮ কোটি ৮০ লাখ ডলার। 

আদালতের রায়ে বলা হয়, সরকারি দায়িত্বে থাকাকালে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, সরকারি প্রকল্পের কাজ পাওয়া এবং কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন লান। বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ ও সম্পদ গ্রহণ করেন তিনি।

চীনের আদালতের রায় অনুযায়ী, দুই বছরের স্থগিতাদেশ চলাকালে নতুন কোনো অপরাধে জড়িত না হলে লানের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। তবে সাজা পরিবর্তনের পর তাঁর আর দণ্ড কমানোর সুযোগ কিংবা প্যারোলে মুক্তির অধিকার থাকবে না।

এ ছাড়া আদালত তাঁর রাজনৈতিক অধিকার আজীবনের জন্য কেড়ে নেওয়ার এবং ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

রায়ে বলা হয়েছে, লানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে মৃত্যুদণ্ডের বিধান প্রযোজ্য হলেও কিছু অপরাধ সম্পন্ন না হওয়া, তদন্তে সহযোগিতা, দোষ স্বীকার এবং অনিয়মের মাধ্যমে অর্জিত সম্পদ ফেরত দেওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে দণ্ড কার্যকরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 

লান তিয়ানলি গুয়াংসি অঞ্চলের কমিউনিস্ট পার্টির উপপ্রধান এবং আঞ্চলিক সরকারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনি আঞ্চলিক সরকারের চেয়ারম্যান হন। ২০২৫ সালের মে মাসে তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে একই বছরের ডিসেম্বরে তাঁকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়।

চলতি বছরের ৩০ জুলাই তাঁর বিরুদ্ধে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং অনুশোচনা প্রকাশ করেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে দেশটিতে কয়েক বছর ধরে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। সাবেক এই আঞ্চলিক প্রধানের বিরুদ্ধে দেওয়া রায় সেই অভিযানের সর্বশেষ বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

সূত্র: রয়টার্স