আমরা ইরানের পাশে আছি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইরানে ওপর ইসরায়েলি হামলার প্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি  আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো।

শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: আল জাজিরা।

তিনি বলেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।

বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী। পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি।

খাজা আসিফ বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময়ে তেহরানের পাশে রয়েছে।

এদিকে, ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ‘ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম এবং ইরানের দক্ষিণ-পূর্ব অংশজুড়ে ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।