ফিফা বিশ্বকাপ ২০২৬

খেলা যুক্তরাষ্ট্রে, অন্য দেশে ইরানের অনুশীলন

আপডেট : ২৪ মে ২০২৬, ১০:৩৩ এএম

ইরান ও আমেরিকার মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া সম্ভাব্য ভিসা জটিলতা এড়াতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন সাপেক্ষে, এবারের বিশ্বকাপের জন্য নিজেদের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় স্থানান্তর করছে ইরান।

শনিবার (২৩ মে) ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ তাদের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা টিজুয়ানা ক্যাম্পে অবস্থান করব, যা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি এবং মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় অবস্থিত।

মেহেদি তাজ জানান, ইরান ও আমেরিকার মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই মূলত এই ক্যাম্প পরিবর্তন করা হয়েছে। এর ফলে ইরানি দল সরাসরি 'ইরান এয়ার'-এর ফ্লাইটে মেক্সিকোতে পৌঁছাতে পারবে।

আসন্ন বিশ্বকাপে ইরান 'গ্রুপ জি'-তে খেলবে। লস অ্যাঞ্জেলেসে আগামী ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে তারা। এরপর ২৬ জুন সিয়াটেলে মিশরের মুখোমুখি হবে ইরান।

ক্যাম্পের ভৌগোলিক অবস্থান নিয়ে মেহেদি তাজ বলেন, "টিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসের খেলার ভেন্যুর দূরত্ব বিমানে মাত্র ৫৫ মিনিটের।" তিনি আরও যোগ করেন, আগে নির্ধারিত অ্যারিজোনা ক্যাম্পের তুলনায় নতুন এই টিজুয়ানা ক্যাম্পটি তাদের ম্যাচের ভেন্যুগুলোর অনেক বেশি কাছাকাছি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ভ্রমণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গত কয়েক মাস ধরেই চরম অনিশ্চয়তার মুখে রয়েছে ইরান। এমনকি ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধও করেছিল।

ইরানি কর্মকর্তারা চলতি মাসে জানান, টুর্নামেন্ট শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও তাদের খেলোয়াড় ও স্টাফরা এখনো মার্কিন ভিসা পাননি। বিশ্বকাপের প্রস্তুতিমূলক অনুশীলনের জন্য বর্তমানে তুরস্কে অবস্থানকালীন সময়েই তারা ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করেছিলেন। ফুটবল ফেডারেশনের সভাপতি তাজ জানান, ইরানি প্রতিনিধি দলের ভিসা, নিরাপত্তা এবং যথাযথ আচরণের বিষয়ে ফিফার কাছে প্রয়োজনীয় গ্যারান্টি বা নিশ্চয়তা চাওয়া হয়েছে।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ২৯ মে গাম্বিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে ইরান। এরপর ফিফার বেঁধে দেওয়া ১ জুনের ডেডলাইন বা সময়সীমার মধ্যে চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন ইরানি কোচ আমির ঘালিনোই। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন