আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতা

বাহরাইনে ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৪ মে ২০২৬, ০৭:০৫ পিএম

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে দেশের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনার দায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২৪ মে) বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা আইআরজিসির সঙ্গে মিলে বাহরাইনের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক লেনদেন সহজ করার কাজে সরাসরি জড়িত ছিলেন। বাহরাইন সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই চক্রটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষে পরিকল্পিতভাবে কাজ করছিল।

এর আগে গত ৯ মে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইআরজিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা ৪১ জনকে গ্রেপ্তার করেছে। পাবলিক প্রসিকিউটরের তদন্তে উঠে এসেছে যে, গ্রেপ্তারকৃতরা কেবল গোয়েন্দাগিরিই নয়, বরং বাহরাইনের ওপর ইরানের বিভিন্ন হামলার প্রতি প্রকাশ্য সহানুভূতিও দেখিয়ে আসছিল।

 গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর বাহরাইনসহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের লক্ষ্যবস্তুতে ইরান একাধিকবার হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইন সরকার ইরানের মদদপুষ্ট গোষ্ঠী ও গোপন তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সূত্র: রয়টার্স

FJ
আরও পড়ুন