মালয়েশিয়ায় ক্রেনের নিচে পড়ে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নিজেই ক্রেনটির চালক ছিলেন।

কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জালান পেরাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করছিলেন ওই শ্রমিক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত ক্রেনটি ফুটপাতে আটকে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়। এতে ক্রেনটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশি শ্রমিক।

দুর্ঘটনায় ক্রেনটির ভারে পাশে থাকা দুটি গাড়িও চূর্ণ হয়। তবে গাড়িগুলোর ভেতরে থাকা যাত্রীদের কেউ আহত হননি।

ঘটনার পর কুয়ালামপুর হাসপাতালের একজন চিকিৎসক ঘটনাস্থলে এসে ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কুয়ালামপুরে ক্রেনটি চালানোর প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে। সূত্র: মালয় মেইল