মালয়েশিয়ায় জীবিকার তাগিদে বাগানে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে মালয়েশিয়ার একটি বাগানে অবস্থানকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হিরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের প্রয়াত সামছুল হকের সর্বকনিষ্ঠ সন্তান। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রায় তিন বছর আগে অনেক ঋণ করে মালয়েশিয়ায় গিয়ে বাগান শ্রমিকের কাজ শুরু করেছিলেন তিনি।
ঘটনার সময় বাগানে কর্মরত অন্য সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন এবং বাংলাদেশে অবস্থানরত স্বজনদের মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক কাজ চালাচ্ছেন মালয়েশিয়ার সহকর্মীরা।
কসবা উপজেলার স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, কিছুদিন আগেই হিরনের ছোট মেয়ে নিহা মনি মারা যায়। সেই শোক সামলে ওঠার আগেই উপার্জনের একমাত্র অভিভাবককে হারিয়ে পুরো পরিবারটি এখন এক গভীর সংকটে পড়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী হ্যাপি আক্তার, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং দুই মেয়ে যথাক্রমে ষষ্ঠ ও তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে। প্রবাসে যাওয়ার পূর্বে তিনি দেশে গাছ কাটার কাজ করতেন।
হিরনের আকস্মিক মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা সন্তান হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন এবং স্ত্রী হ্যাপি আক্তারের কান্নায় পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে।
৭০ বছরের পথচলার আবেগঘন সমাপ্তি
যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে