মালয়েশিয়ায় ঘরেই তৈরি হচ্ছে ইউরোপের জাল ভিসা, আটক বাংলাদেশি দম্পতি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের জন্য জাল ভিসা তৈরির একটি বিস্তৃত চক্রের মূল অভিযুক্ত বাংলাদেশি দম্পতিকে আটক করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, আদালত তাদের এক লাখ ১২ হাজার রিঙ্গিত জরিমানা করেছে এবং অনাদায়ে ৪৫ মাসের কারাদণ্ড প্রদান করেছে। সাজা শেষে দম্পতিকে দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করা হবে।

প্রায় তিন মাসের দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর গত ১০ ফেব্রুয়ারি সুঙ্গাই বেসি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তদন্তকারীরা বলছেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জাল ভিসা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট, বিভিন্ন দেশের জাল রাবার স্ট্যাম্প, ভুয়া ইমিগ্রেশন স্লিপ, ল্যাপটপ এবং আধুনিক প্রযুক্তির সরঞ্জাম।

গ্রেপ্তারের সময় দম্পতিটি জানিয়েছিল, তারা গত আট মাস ধরে গোপনভাবে জাল ভিসা তৈরি করছিল। প্রতিটি ভিসার বিনিময়ে তারা গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ হাজার রিঙ্গিত নিতেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় লাখ টাকা। অভিবাসন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তারা অত্যন্ত নিখুঁতভাবে ভিসা জালিয়াতি করতেন, যা সাধারণ মানুষের জন্য ধরা প্রায় অসম্ভব ছিল।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) অভিযুক্তরা কুয়ালালামপুর আদালতে হাজির হলে ৯টি ভিন্ন অভিযোগে নিজেদের দোষ স্বীকার করেন। আদালত তাদের দণ্ডিত করে জরিমানা ও কারাদণ্ড নিশ্চিত করেন।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সতর্ক করেছে, দেশটিতে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।