ঈদের ছুটিতে বিয়ে, প্রবাসে গিয়ে কফিনবন্দি হলেন সাইফ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ এএম

ঈদের ছুটিতে দেশে এসে বিয়ে করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সালমান সাদিক সাইফ (২৪)। নতুন জীবনের রঙিন স্বপ্ন বুকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে গেলেও তা স্থায়ী হলো মাত্র কয়েকমাস। গত বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার জোহর বারুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের মো. সাজন মিয়ার ছেলে। তিনি মালয়েশিয়ার একটি বেসরকারি কোম্পানিতে পণ্য ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। এক বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের সবার ছোট।

ঘটনার দিন সন্ধ্যায় কাভার্ডভ্যানে করে পণ্য ডেলিভারি দিতে যাচ্ছিলেন সাইফ। বিপরীত দিক থেকে আসা আরেকটি বেপরোয়া কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাদের গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোকার্ত পরিবার এখন বুকফাটা কান্নায় প্রবাস থেকে সাইফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার ছয়বাড়িয়া গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত