কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হযেছেন। আহত চারজন বাংলাদেশি প্রবাসীর চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তারা বর্তমানে সরকারি ফারওয়ানিয়া হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চারজন প্রবাসী আহত হন। হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে, আর বাকি তিনজন কাঁচের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত চার বাংলাদেশি হলেন
১) আমিনুল ইসলাম: গ্রাম- দৌলতপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া;
২) রকিবুল ইসলাম: গ্রাম- ভুলবাড়িয়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা;
৩) মাসুদুর রহমান: গ্রাম- লতিফপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী;
৪) দুলাল মিয়া: গ্রাম- পাথালিয়া কান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন হাসপাতালে গিয়ে আহত চারজনের চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরান-সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ নেতারা নিহত হন। এর জবাবে ইরানও তেল আবিব ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।