আন্তর্জাতিক শিশু যৌন নির্যাতন চক্র পরিচালনার অভিযোগে বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
শুক্রবার (৬ মার্চ) এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ এক বার্তার মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
এফবিআই জানায়, জোবাইদুল আমিনের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক শিশু যৌন নির্যাতন অপরাধচক্র গড়ে তোলা ও পরিচালনার অভিযোগ রয়েছে। এই অভিযোগে ২০২২ সাল থেকেই তাকে খুঁজছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো।
কাশ প্যাটেল জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জোবাইদুল আমিনকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের আলাস্কায় এফবিআই হেফাজতে রয়েছেন। আজই (শুক্রবার) তার বিরুদ্ধে আলাস্কার একটি আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে বলে জানানো হয়েছে।
এই জটিল গ্রেপ্তার অভিযানে মালয়েশিয়া সরকারের সহযোগিতা এবং কুয়ালালামপুরে অবস্থিত যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার অফিস (Legat Kuala Lumpur) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া এফবিআই-এর অ্যাঙ্কোরেজ (FBI Anchorage) অফিসের কর্মকর্তারাও এই অভিযানে সরাসরি যুক্ত ছিলেন।
তদন্তে ও গ্রেপ্তারে সহায়তার জন্য মালয়েশিয়া সরকার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। এই চক্রের সাথে আরও কারা জড়িত এবং জোবাইদুলের কার্যক্রমের পরিধি কত বড় ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে এফবিআই সূত্রে জানা গেছে।