মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কিশোর নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ এএম

মালয়েশিয়ায় বৃষ্টিভেজা রাস্তায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মো. আইমান ফেরদাউস বিন মেহেদী (১৬)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সাইবার জায়ার জালান রেসিডেন্সি অরোরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সে সময় ওই এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল।

পিচ্ছিল রাস্তায় চলাচলের সময় আইমান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। মারাত্মক আঘাত পেয়ে তিনি অকুস্থলেই প্রাণ হারান।

নিহত আইমান মালয়েশিয়ান নাগরিক হলেও তার পিতৃভূমি বাংলাদেশের কুমিল্লায়। তার বাবা হাজী মো. মেহেদী হোসেন শওকত দাউদকান্দি উপজেলার বাসিন্দা এবং কুয়ালালামপুরের সুপরিচিত ব্যবসায়ী।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ সাইবার জায়া ছেপুলু প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ার নাগরিকরা যোগ দেন।

পরবর্তীতে স্থানীয় সাইবার জায়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় মালয়েশিয়ার স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে তীব্র শোক ছড়িয়ে পড়েছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত