আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম মূল্য দিতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে একটি ড্রোন ধ্বংস করার সময় সেটির ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের বরাতে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াম জানায়, ফুজাইরার আল রিফা এলাকার আকাশসীমায় একটি অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত করার পর সেটি ধ্বংস করে আমিরাত প্রতিরক্ষা বাহিনী। ড্রোনের ধ্বংসাবশেষ নিচে থাকা একটি খামারের ওপর আছড়ে পড়ে। এতে সেখানে কর্মরত ওই বাংলাদেশি ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তবে আইনি প্রক্রিয়ার কারণে নিহতের নাম বা পরিচয় এখন পর্যন্ত বিস্তারিত প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর প্রতিশোধ নিতে ইরান এখন ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যার শিকারে পরিণত হচ্ছেন সাধারণ প্রবাসী শ্রমিকরা।