যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডির শিক্ষার্থী ছিলেন তারা। সমাবর্তন অনুষ্ঠানে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে মরণোত্তর ডিগ্রি গ্রহণ করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
গোলাম মোর্তোজা জানান, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।
এ যাত্রায় দুবাইয়ে ট্রানজিট রয়েছে। দুবাই থেকে ইকে-০৫৮২ ফ্লাইটে বৃষ্টির মরদেহ ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
তিনি জানান, মরদেহ পাঠানোর সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।