মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের একটি বিশেষ দল বাতু কেভস অঞ্চলের একটি জনপ্রিয় নাইট মার্কেট (পাসার মালাম) এবং সেলায়াং বারু এলাকার একটি আবাসিক ভবনে এই আকস্মিক চিরুনি অভিযান পরিচালনা করে।

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ নথিপত্র পরীক্ষা, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধ বসবাস এবং অন্যান্য অভিবাসন আইন অমান্যকারীদের চিহ্নিত করার লক্ষ্যেই এই চিরুনি অভিযান চালানো হয়। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ওই ৩৯ জনকে আটক করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করেছে যে, আটককৃতদের বিরুদ্ধে দেশটির প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের ওপর ভিত্তি করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দেশটিতে অবৈধ অভিবাসী এবং আইন লঙ্ঘনকারীদের দমনে চলমান কঠোর ব্যবস্থার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।