যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক (৪৩) মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় ডোরড্যাশের খাবার ডেলিভারির সময় নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মাহফুজুল হককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ জুলাই) রাত (স্থানীয় সময়) সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 
 
মাহফুজুল হক আল-শাম উইলো গ্রোভ-এর একজন কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সি এক সন্তান রেখে গেছেন।