পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করলো দূতাবাস

পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আপত্তিকর কোনো বক্তব্য বা কনটেন্ট প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে অবস্থানরত সব বাংলাদেশিকে সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণতার সঙ্গে ব্যবহারের অনুরোধ করা হয়েছে। এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর কিংবা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী হতে পারে।

দূতাবাস জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

নির্দেশনায় বাংলাদেশিদের পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা, অনলাইনে কোনো তথ্য বা কনটেন্ট প্রকাশের আগে এর সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করা এবং অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী ও উসকানিমূলক কনটেন্ট থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই সংযত ও আইনসম্মত আচরণ করা এবং ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির সুনাম ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্যও বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।