সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে দেশটির আবহা প্রদেশের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক নোয়াখালীর কামরুল হাসান।
নিহত আশরাফের চাচা মীর হোসাইন জানান, মাছ পরিবহনের কাজে ফ্রিজার ভ্যানটি আবহা শহর থেকে জিজান শহরের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি সড়ক দিয়ে নিচে নামার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক কামরুল হাসান ও গাড়িতে থাকা আশরাফ উদ্দিন রনির মৃত্যু হয়।
মীর হোসাইন আরও জানান, প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন আশরাফ। ছুটি শেষে আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান তিনি।
বর্তমানে নিহত দুজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।