ভোট দিতে আজও ঘরমুখো মানুষ, নেই ভোগান্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে নানা বয়সী ভোটার ছুটছেন গ্রামের পথে। সকাল থেকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, বাসে অনেকেই রাজধানী ছাড়ছেন। 

তবে মঙ্গলবারের মতো বুধবারও (১১ ফেব্রুয়ারি) যাত্রীদের ভিড় নেই। গতকাল সায়েদাবাদ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল, ছিল বাসের সংকট। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। 

বুধবার সকাল থেকে সায়দাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া, রায়েরবাগ এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীরা আসছেন নির্বিঘ্নে বাসে উঠছেন চলে যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই যাত্রীদের।

এসব স্থানে কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন গন্তব্যের বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

যাত্রীদের একজন বলেন, ‘আমি ঠাকুরগাঁও যাচ্ছি। ভোট দেওয়ার জন্যই বাড়ি যাচ্ছি। অনেকদিন বাড়ি যাওয়া হচ্ছিলো না। তাই এখন ভোটের উপলক্ষে বাড়িতে যাচ্ছি।’

অন্য আরেকজন যাত্রী বলেন, ‘আমরা যেন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি। প্রশাসনকে দায়িত্ব নিয়ে সেভাবে কাজ করতে হবে।’

কাউন্টারের কর্মী ও বিভিন্ন গন্তব্যের বাসের স্টাফরা যাত্রীদের ডাকাডাকি করছেন।

পর্যাপ্ত গাড়ি থাকায় যাত্রীদেরও বাসের কর্মীদের সঙ্গে ভাড়া নিয়ে দর কষাকষি করতে দেখা গেছে।

রবিউল ইসলাম বরিশালের পিরোজপুর যাবেন। তিনি বলেন, সাধারণ সময়ের ভাড়া ৫০০ টাকা। একটু দামাদামি করছি যদি কিছুটা কমিয়ে নেওয়া যায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। ভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দুই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।