দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে বহুল আলোচিত 'জুলাই গণ-সনদ' সংস্কারের ওপর গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার সকালে নির্বাচনি প্রচার শেষ হওয়ার পর এখন কেন্দ্রগুলোতে নির্বাচনি সামগ্রী পৌঁছানোর কাজ চলছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারই প্রথম দেশের ভোটাররা একই দিনে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে-বিপক্ষে রায় দেওয়ার সুযোগ পাচ্ছেন।
দীর্ঘদিন পর একটি মুক্ত ও নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। রাজধানী ঢাকা ছেড়ে বিপুলসংখ্যক মানুষ নাড়ির টানে গ্রামে গেছেন।
নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, এবার ভোটার উপস্থিতি ৬০ থেকে ৬৫ শতাংশ হতে পারে। দুটি ভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় এবার এক ঘণ্টা বাড়ানো হয়েছে। কাল সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপী ব্যালট ব্যবহার করা হবে।
নির্বাচনি আমেজ থাকলেও সম্ভাব্য সহিংসতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে কমিশন। সারা দেশে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ১৯ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ২,১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন। স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ৯৫ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে না পারায় মূল লড়াইটা সীমাবদ্ধ থাকছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ নিচ্ছে। ২৯৯টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। বিএনপি ২৯১টি আসনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ছে। অন্যদিকে জামায়াত জোটের হয়ে ২১৮ জন প্রার্থীসহ শরিক দল এনসিপি, এবি পার্টি এবং খেলাফত মজলিসের প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন।
রাজধানীর আসনগুলোর দিকে নজর সবার। ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে লড়ছেন জামায়াতের স. ম. খালিদুজ্জামান। অন্যদিকে ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির শফিকুল ইসলাম খানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। হেভিওয়েট প্রার্থীদের এই লড়াইকে কেন্দ্র করে ঢাকায় বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, গত কয়েক দিনে সারা দেশ থেকে ৮৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো কেন্দ্রে সহিংসতা হলে সাময়িকভাবে ভোট বন্ধ রাখা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে। আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বিসিবিকে স্যালুট জানিয়ে যা জানালেন আসিফ নজরুল
সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি 
