রাজধানীর বনানীতে অসহায় ও পথপ্রাণীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে অবস্থিত বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাণীদের অধিকার রক্ষা এবং অসুস্থ প্রাণীদের বিনা মূল্যে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই এই বিশেষায়িত ক্লিনিকটি স্থাপন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই সংগঠনটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণিকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্থায়ী ক্লিনিক চালুর মাধ্যমে চিকিৎসাসেবা আরও সুসংগঠিত ও আধুনিক পদ্ধতিতে প্রদান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমানসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্লিনিক উদ্বোধনের পর তারেক রহমান বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি প্রাণীদের প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
উদ্যোক্তারা জানান, ক্লিনিকটিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জরুরি অস্ত্রোপচার ও টিকাদানের ব্যবস্থা থাকবে। বিশেষ করে রাস্তায় আহত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী উদ্ধার করে এখানে চিকিৎসা দেওয়া হবে। অলাভজনক এ উদ্যোগটি তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে ঢাকার বাইরে জেলা শহরগুলোতেও ভ্রাম্যমাণ ক্লিনিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।