মির্জা আব্বাস কলেজে শাপলা প্রতীকের এজেন্টকে প্রবেশে বাধা

রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট গ্রহণ শুরুর প্রাক্কালে ২ নম্বর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ওই এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।

সকাল সোয়া ৭টার দিকে শাপলা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর পোলিং এজেন্ট গোলাম মোস্তফা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকরা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। ভোট গ্রহণ শুরু হওয়ার সময় (সকাল সাড়ে ৭টা) পার হয়ে গেলেও তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন।

ভুক্তভোগী এজেন্ট গোলাম মোস্তফা সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোট শুরুর সময় হয়ে গেলেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছিলাম না। কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে নীরব ছিল।’

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন জানান, বিষয়টি তারা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছিলেন। অন্যদিকে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে না পারলেও পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ঘটনার এক পর্যায়ে সেখানে সেনাবাহিনীর একটি টহল দল এসে পৌঁছায়। তারা পরিস্থিতি খতিয়ে দেখে শাপলা প্রতীকের এজেন্টকে কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করে দেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ ভোটারদের মধ্যে বিরাজমান উদ্বেগ কিছুটা প্রশমিত হয়।

বর্তমানে ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে।