বাবার কবর জিয়ারত করে ভোট দিলেন মির্জা ফখরুল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের শহর ঠাকুরগাঁওয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার আগে সকালে তিনি তার বাবার কবর জিয়ারত করেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই দিনটি এসেছে। আজকের এই ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ার বাসিন্দা। তার বাসভবন থেকে ভোটকেন্দ্রের দূরত্ব খুবই সামান্য। এই কেন্দ্রের আওতায় শহরের তাঁতিপাড়া, ফকিরপাড়া ও কালীবাড়ি বাজার সংলগ্ন এলাকার ভোটাররা ভোট দিচ্ছেন।

ইসি সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন। ভোটারদের সুবিধার্থে কেন্দ্রে পুরুষ ও নারীদের জন্য আলাদাভাবে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

এই কেন্দ্রে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ সংস্কার প্রক্রিয়া ও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই সাধারণ নির্বাচনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

DR/AHA
আরও পড়ুন