ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও তিন দিনের সরকারি ছুটি কাটিয়ে জীবিকার টানে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন লাখো মানুষ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছুটি শেষে অফিস-আদালত খুলেছে। ফলে সকাল থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে ঘরেফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে একে একে টার্মিনালে প্রবেশ করছে। ফেরিঘাট বা রাস্তায় সামান্য বিলম্ব হলেও বাসগুলো মোটামুটি নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকায় পৌঁছাচ্ছে।

ঝিনাইদহ থেকে আসা যাত্রী মো. মোস্তাক জানান, ‘ভোটের আগের রাতেই বাড়ি গিয়েছিলাম। ভোট দেওয়া এবং ছুটি কাটানো—দুটোই হলো। আজ থেকে অফিস শুরু, তাই সঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে ফিরে এলাম।’

মাগুরা থেকে আসা যাত্রী আরিফ জানান, পথে তেমন কোনো ভোগান্তি ছাড়াই তিনি ঢাকায় ফিরতে পেরেছেন। অন্যদিকে, বরিশাল থেকে আসা জাকির হোসেন বলেন, ‘যাওয়ার সময় কিছুটা ভোগান্তি হলেও ফেরার পথ ছিল বেশ স্বস্তিদায়ক।’

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসের তুলনায় ঢাকামুখী বাসগুলোতে যাত্রীদের চাপ অনেক বেশি। 

শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন জানান, সকাল থেকেই প্রতিটি বাস যাত্রীবোঝাই হয়ে ফিরছে এবং এই ধারা সারাদিনই বজায় থাকবে।

সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আলামিন বলেন, ‘মহাসড়কে বড় ধরনের কোনো জ্যাম নেই। ফলে যাত্রীরা স্বস্তিতেই ফিরতে পারছেন।’

তবে ঈগল পরিবহনের কাউন্টার কর্মী ইলিয়াস মনে করেন, আগামীকাল যাত্রীদের চাপ আরও বাড়বে। কারণ, রোববার থেকে সব প্রতিষ্ঠান পূর্ণোদমে চালু হবে।

দীর্ঘ বিরতির পর রাজধানী আবারও তার চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। বাস টার্মিনালগুলোতে মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে চারপাশ।