পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।
তিতাস জানায়, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এবং রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাসের স্বল্পচাপ সমস্যা দেখা দিতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বিদ্যমান গ্যাসের স্বল্পচাপ সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ করা হবে। এই মেরামত কাজ চলাকালীন সময়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও চাপের পরিমাণ অনেক কম থাকতে পারে।
কাজ শেষ হওয়ার সাথে সাথেই গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।