খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি। একই সময়ে দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরাও তাদের যোগদানপত্র জমা দেন।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ প্রায় দেড় বছর আমলাদের মাধ্যমে সিটি কর্পোরেশন পরিচালিত হওয়ায় অনেক সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে থেকে জনগণের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।