চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সামির আহমেদ সুমন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
ভয়াবহ এই দুর্ঘটনায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। এর আগে আজ সকালে একই ঘটনায় দগ্ধ কিশোর শাওন (১৬) এবং গতকাল রাতে নুরজাহান আক্তার রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সামির আহমেদ সুমনের মৃত্যু হয়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছিল।
ডা. শাওন বিন রহমান আরও জানান, এই ঘটনায় দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬ জন। তাদের প্রত্যেকের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাদের আইসিইউ ও এইচডিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে একটি ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের বেশ কয়েকজন দগ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়।
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু
