দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

শীতের পর গ্রিষ্মের আগমনের সাথে সাথে ঢাকার বায়ু দূষণের মান ক্রমাগত বেড়েই যাচ্ছে। বিগত ২-৩ মান বায়ুমান ধীরে ধীরে কিছুটা উন্নতির পথে হাটলেও আবার উল্টো দিকে দৌড়াচ্ছে।

গৃহস্থালি বর্জ্য পোড়ানোর ধোয়া, কলকারখানার কালো ধোয়া ও ধুলাবালিতে ছেয়ে গেছে ঢাকার আকাশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৯৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, একই সময়ে ২৪৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া, ২২৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৮০ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর করাচি এবং পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের স্কোর ১৭৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।