রাজধানীর নর্দা এলাকায় অগ্নিকাণ্ডে একটি গাড়ি মেরামতের গ্যারেজ ও বরফ তৈরির কারখানা (আইস ফ্যাক্টরি) পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ করেই গ্যারেজটিতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পাশের বরফ কলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তীব্রতায় পাশের একটি বহুতল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণে প্রগতি সরণি সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকাজ শেষে সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সিলেটে ফিল্মি স্টাইলে সিএনজি থামিয়ে প্রকাশ্যে ছিনতাই
