ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত দুই নারীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভুক্তভোগী দুই নারীকে কান্নায় ভেঙে পড়তে এবং বিচার দাবি করতে দেখা গেছে।
ভিডিওতে ভুক্তভোগী নারীরা জানান, তারা পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছিলেন। এসময় কোনো কারণ ছাড়াই তাদের সাথে থাকা একজন বাইক রাইডারকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন ওই ঢাবি শিক্ষার্থী। নারীরা এর প্রতিবাদ জানালে অভিযুক্ত ছাত্র তাদের ওপর চড়াও হন এবং অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেন।
ভুক্তভোগী এক নারী অভিযোগ করেন, ওই ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট? ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। ৫ই আগস্টের পর আমরা মেয়েরা এই ক্যাম্পাসে নিরাপদ না।’
অপর এক নারীকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পড় মারবে? আমি কি বাংলাদেশের বাইরের মানুষ? আমি কি এখানে আসতে পারি না?’