টানা কয়েক দিন ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ বা চলাচল করতে পারবে না। পাশাপাশি নিরাপত্তার প্রয়োজনে ক্যাম্পাসে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) প্রক্টর অফিস থেকে জারি করা পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী ও অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
অন্য বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল চলাচলের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মোটরসাইকেল ব্যবহারকারীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর অফিসে আবেদন জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। আবেদনপত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশও থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ বা চলাচল করতে পারবে না।
নতুন নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।
গাজার ‘হলুদ সীমারেখা’ এগিয়ে নিচ্ছে ইসরায়েল, বাড়িঘরে বিস্ফোরকবাহী ড্রোন
অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক সুরক্ষা তদারকি সম্ভব নয়: ইরান