বর্ষার আগেই ঢাকার খাল খনন ও পরিষ্কারের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

সোমবার (২ মার্চ) মিরপুর এলাকার প্যারিস খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। শুধু পরিষ্কার নয়, খালের দুই পাড়ে পর্যায়ক্রমে দৃষ্টিনন্দন হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে। এর ফলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নাগরিক সুবিধাও বৃদ্ধি পাবে।’

বেদখল হওয়া খাল উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা খাল দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সব খাল উদ্ধার করা হবে। জনগণের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ ডিএনসিসির কাজকে আরও গতিশীল করবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘সামান্য বৃষ্টিতেই মিরপুর এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও গভীরতা বজায় রাখা গেলে জলাবদ্ধতার এই দীর্ঘদিনের সমস্যা অনেকাংশে কমে আসবে।’

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।