বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে দীর্ঘ প্রতীক্ষিত ভিসা কার্যক্রম খুব দ্রুতই স্বাভাবিক হতে যাচ্ছে। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এই আশ্বাস দেন।
প্রণয় ভার্মা জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গভীর ও ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে এবং দুই দেশের জনগণের যোগাযোগ বাড়াতে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা কাটিয়ে এটি দ্রুত সচল করা ভারতের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। আমাদের আলোচনায় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বর্তমানে বন্ধ থাকা বর্ডার হাট এবং কয়েকটি স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে আমরা একমত হয়েছি।’ তবে ভারতীয় অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।
এর আগে গত রোরবার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে মিলিত হন প্রণয় ভার্মা। সেখানে তিনি ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার পরিকল্পনার কথা জানান।
ভিসা কার্যক্রমে ধীরগতির কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, গত দেড় বছরে ভারতের বিভিন্ন কনস্যুলেট ও ভিসা অফিসগুলোতে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারেননি। তবে এখন পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ভারতীয় পক্ষ ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর বিষয়ে আশ্বস্ত করেছে।
বিশেষ করে চিকিৎসার জন্য ভারত যেতে ইচ্ছুক রোগী ও পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি এই সিদ্ধান্তের ফলে দ্রুত লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর
ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা
