রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (১ এপ্রিল) রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখা গেছে। ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে নগরজীবন কার্যত থমকে যায়।
সন্ধ্যার পর থেকেই আকাশ কালো হয়ে ওঠে। রাত ৭টার দিকে শুরু হয় ধুলিঝড় ও দমকা হাওয়া, যা দ্রুতই রূপ নেয় কালবৈশাখীতে। এরপর রাত ৮টার দিকে শুরু হয় টানা ভারি বৃষ্টি।
বৃষ্টিতে ভিজেছে বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা। একই সঙ্গে অনেক স্থানে শিলাবৃষ্টিও হয়েছে, যা সাধারণ মানুষকে আরও বিপাকে ফেলে।
ঝড়ের সময় বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়ায় রাস্তায় চলাচলকারী পথচারী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।