সেমস-গ্লোবালের আয়োজনে 

রাজধানীতে চলছে আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজন চলবে ৯ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে খাদ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য পর্যটন খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)-এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মহসীন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা. নারগিস মুরশিদা, বিডার ডিরেক্টর জেনারেল গাজী এ.কে.এম ফজলুল হক এবং অ্যামচেম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মির্জা সজীব রায়হান।

আয়োজকরা জানান, ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’, ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’, ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ ১৫টিরও বেশি দেশের প্রায় ১০০টি কোম্পানি ১৬০টির বেশি বুথ নিয়ে অংশগ্রহণ করেছে। এতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রাজিল, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক, নাবিল গ্রুপ, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, কিভা হান, পুরো ফুডস এবং শিলাইদহ ডেইরি আল্ট্রা। পাশাপাশি পাকিস্তান ও ব্রাজিলের প্যাভিলিয়নও রয়েছে প্রদর্শনীতে।

একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৬’, ‘১২তম ফার্মা বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ এবং ‘৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৬’। এসব আয়োজনে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য পর্যটন খাতের প্রায় ৯০টি কোম্পানি ও হাসপাতাল ১৫০টির বেশি বুথ নিয়ে অংশ নিয়েছে।

প্রদর্শনীতে স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি, ডায়াগনস্টিক সরঞ্জাম, হাসপাতাল ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটনের বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে। আয়োজকরা বলছেন, এসব প্রদর্শনী সংশ্লিষ্ট শিল্পখাতের ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।

প্রদর্শনীর পাশাপাশি ছয়টি বিশেষায়িত সেমিনারের আয়োজন করা হয়েছে। কৃষি, পোল্ট্রি, লাইভস্টক, এগ্রো-প্রসেসিং, প্যাথলজি প্রযুক্তি এবং বাংলাদেশ-ব্রাজিল কৃষি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে এসব সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আয়োজকরা আরও জানান, কৃষিপণ্য ও খাদ্যপণ্য রপ্তানিতে নতুন বাজার ও সহযোগিতা তৈরির লক্ষ্যেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘এগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক বায়ারদের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।